আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় যৌথবাহিনীর বিশেষ তল্লাশি অভিযান ও চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
জননিরাপত্তা নিশ্চিত করা, সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং জনগণের জানমালের নিরাপত্তা জোরদারের উদ্দেশ্যে পুলিশ, সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র জানায়, নির্বাচনকে ঘিরে সম্ভাব্য নাশকতা প্রতিরোধ এবং যেকোনো ধরনের অপরাধমূলক তৎপরতা দমনে নজরদারি আরও জোরদার করা হয়েছে। জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও প্রবেশপথে চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি করা হয় এবং সন্দেহভাজন ব্যক্তিদের পরিচয় যাচাই করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথবাহিনীর এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
