কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার নাগাইশ গ্রামের তাসলিমা আক্তার (৩২) নামে এক তরুণী ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন। শনিবার (৯ মে) সকাল সাড়ে ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দবাগ রেলওয়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তাসলিমা আক্তার ব্রাহ্মণপাড়া উপজেলার নাগাইশ মধ্যপাড়া এলাকার মেজর গনির সাহেবের বাড়ির মো. শানু মিয়ার মেয়ে।
পারিবারিক সূত্রে জানা যায়, তাসলিমা দীর্ঘ প্রায় ১৮ বছর ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। শুক্রবার বিকেল থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে শনিবার সকালে চট্টগ্রাম থেকে ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়।
স্থানীয়রা ঘটনাটি দেখতে পেয়ে পরিবারের সদস্যদের খবর দেন। খবর পেয়ে আখাউড়া রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
আখাউড়া রেলওয়ে থানা পুলিশ জানায়, পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং নিহত ব্যক্তি মানসিক প্রতিবন্ধী হওয়ায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।নিহতের লাশ সন্ধ্যায় নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
