চট্টগ্রামের হাটহাজারীতে বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ১০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে মডেল থানা পুলিশ।
সোমবার (৪ মে) রাতে হাটহাজারী মডেল থানা কর্তৃপক্ষ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে শনিবার থেকে সোমবার পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
থানা সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার ও শুক্রবার নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির লক্ষ্যে উপজেলার কয়েকটি স্থানে ঝটিকা মিছিল বের করে। বিষয়টি প্রশাসনের নজরে এলে পুলিশ বিশেষ অভিযান শুরু করে।
অভিযানে গ্রেপ্তাররা হলেন— ছাত্রলীগের সক্রিয় সদস্য আরহাদ হোসেন আহাদ (২৮), ফতেপুর ইউপির ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য জানে আলম (৩৫), চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সক্রিয় সদস্য মো. পারভেজ হোসেন (২৪), হাটহাজারী পৌরসভা ছাত্রলীগের সভাপতি মো. দিদারুল আলম (৩৫), ছাত্রলীগের মিছিলের অর্থদাতা ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. শফিউল আলম (৫৫), এবং ছাত্রলীগের সক্রিয় সদস্য ফারহান মাসুদ তাওসীফ (২৩), মো. জাহেদুল আলম জাহেদ (২৩), মো. রাকায়েত হাসান শুভ (২০), মো. আবদুল্লাহ তুষার (২২) ও মো. আশরাফুল ইসলাম তামিম (২০)।
হাটহাজারী মডেল থানার সেকেন্ড অফিসার নাজমুল হাসান জানান, গত তিন দিন ধরে পরিচালিত অভিযানে গ্রেপ্তার ১০ জনকে আদালতে পাঠানো হয়েছে।পুলিশ জানিয়েছে, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
