দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ের তুলনায় বর্তমানে অপরাধ বৃদ্ধি পেয়েছে—এমন ধারণা জনমনে তৈরি হয়েছে।মঙ্গলবার দেবিদ্বারে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, “বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতিকে নেতিবাচকভাবে উপস্থাপনের যে অপচেষ্টা চলছে, তা প্রতিহত করতে হবে। বাংলাদেশ সব ধর্ম ও মতের মানুষের জন্য নিরাপদ আবাসভূমি—এটি বিশ্ববাসীর সামনে তুলে ধরতে হবে।”
দেশে চলমান জ্বালানি সংকট প্রসঙ্গে তিনি বলেন, পর্যাপ্ত প্রস্তুতির অভাবেই এই সংকট তৈরি হয়েছে। সরকার নতুনভাবে গঠিত হওয়ার পর প্রস্তুতির ঘাটতির কারণে ডিজেল সরবরাহে সমস্যা দেখা দেয়। এই পরিস্থিতির সুযোগ নিয়ে একটি সিন্ডিকেট গড়ে ওঠে বলেও দাবি করেন তিনি।
সংসদ সদস্য আরও বলেন, সেবামূলক প্রতিষ্ঠানগুলো জনগণের জন্যই পরিচালিত হতে হবে। সেবাগ্রহীতা ও সেবাদাতার মধ্যে কোনো মধ্যস্বত্বভোগী থাকা উচিত নয়।
দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সড়কের কৌশলগত বিভিন্ন দিক তুলে ধরেন কুমিল্লা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী গোলাম মোস্তফা। এ সময় আরও উপস্থিত ছিলেন সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. সফিকুল ইসলাম ভূঁইয়া, উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ সাইদুল রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
