নোয়াখালীর হাতিয়া উপজেলায় ৫৪ বছর আগে সাগরে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ হওয়া এক জেলে হঠাৎ ফিরে আসায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত ভেবে যাকে পরিবার বহু আগেই হারিয়ে ফেলেছিল, সেই ছৈয়দ আহাম্মদ (৮৩) বৃদ্ধ বয়সে আবারও ফিরে পেয়েছেন নিজের ভিটেমাটি ও স্বজনদের।
এ ঘটনায় শুক্রবার (৮ মে) হাতিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তার ছেলে মো. আকরাম (৫৩)। এর আগে গত মঙ্গলবার (৫ মে) দুপুরে হাতিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পাঁচবিঘা গ্রামের ফজলি বাড়িতে ফিরে আসেন ছৈয়দ আহাম্মদ।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৫৪ বছর আগে সাগরে মাছ ধরতে গিয়ে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ হন ছৈয়দ আহাম্মদ। দীর্ঘ সময় ধরে তার কোনো খোঁজ না পাওয়ায় পরিবার তাকে মৃত বলে ধরে নেয়। কিন্তু মঙ্গলবার হঠাৎ নিজ বাড়িতে এসে নিজের পরিচয় দিলে প্রথমে হতবাক হয়ে পড়েন স্বজনরা। পরে আত্মীয়-স্বজন ও স্থানীয় বয়োজ্যেষ্ঠরা তাকে শনাক্ত করেন।
খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে এক নজর দেখতে ভিড় করেন উৎসুক মানুষ। স্থানীয়দের অনেকে ঘটনাটিকে অবিশ্বাস্য ও আবেগঘন বলে মন্তব্য করেছেন। তাদের ভাষ্য, হারিয়ে যাওয়া একজন মানুষ ৫৪ বছর পর জীবিত ফিরে আসবেন, তা যেন সিনেমার গল্পকেও হার মানিয়েছে।
তবে দীর্ঘদিন পর ফিরে আসা এই বৃদ্ধকে ঘিরে পরিবারে নতুন করে তৈরি হয়েছে জটিলতা। ছেলে আকরাম অভিযোগ করেন, কয়েকজন ব্যক্তি তার বাবাকে নিজেদের হেফাজতে নেওয়ার চেষ্টা করছেন। এছাড়া পারিবারিক সম্পদ ও টাকাপয়সা নিয়েও বিভিন্ন আলোচনা শুরু হয়েছে।
এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, “বৃদ্ধের ছেলে আকরাম থানায় লিখিতভাবে জানিয়েছেন, তার বাবা ফিরে আসার পর চাচাতো ভাইদের কাছে উঠেছেন। পরে সামাজিকভাবে তাকে পরিবারের কাছে থাকার জন্য বলা হলেও চাচাতো ভাইয়েরা তাকে সেখানে থাকতে দিচ্ছেন না। বিষয়টি পুলিশকে অবহিত করা হয়েছে।”
ঘটনাটি বর্তমানে পুরো এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
