কুমিল্লায় -১০ (লালমাই-নাঙ্গলকোট) আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়ার একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে তাকে তার পাশে বসা নেতাকর্মীদের ৯০ শতাংশ মাদক সেবন করেন বলে মন্তব্য করতে শোনা যায়, যা নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা।
সোমবার সকাল থেকে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে ১ মিনিট ১০ সেকেন্ডের ওই ভিডিওটি ছড়িয়ে পড়ে। জানা গেছে, রোববার নাঙ্গলকোট উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে এসব মন্তব্য করেন তিনি।
ভাইরাল ভিডিওতে সংসদ সদস্যকে বলতে শোনা যায়,
“রাজনীতিবিদরা নিজেরা খাইয়া আসি মাদকবিরোধী বক্তৃতা দেয়। আমার পাশে যদি বসে ৯০ পারসেন্ট এইডা-ওইডা খায়, আমি কেমনে মাদকবিরোধী বক্তৃতা দেই? … তোমাদের আমি চিনি না, আমরা জানি না?”
তিনি আরও বলেন, আগে নিজেকে ও পরিবারকে সংশোধন করার ওপর গুরুত্ব দিয়ে তারপর সমাজ পরিবর্তনের কথা ভাবা উচিত। বক্তব্যে তিনি কিছু শিক্ষক ও নেতাকর্মীদের বিরুদ্ধেও মাদক সেবনের অভিযোগ তোলেন।
অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক, শিক্ষা কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সামনেই তিনি এসব মন্তব্য করেন বলে জানা গেছে।
এ বিষয়ে বক্তব্য জানতে সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়ার সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
এদিকে তার এমন মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ এটিকে ‘বাস্তবতার প্রতিফলন’ বলছেন, আবার অনেকে একজন দায়িত্বশীল জনপ্রতিনিধির কাছ থেকে এমন বক্তব্য অনভিপ্রেত বলে মন্তব্য করছেন।
