Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পানিতে ডুবে আরাফাত (৮) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ধান্যদৌল গ্রামের কালামুড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত আরাফাত ধান্যদৌল (কালামুড়িয়া) গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। সে কালামুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল। দুই ভাই-বোনের মধ্যে সে ছোট। পরিবারের সদস্যরা জানান, ঘটনার সময় আরাফাত খেলার ছলে সবার অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির দুপুরে তাকে পুকুরে ডুবে থাকা অবস্থায় উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক ডা. তোফায়েল আহমেদ জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।