Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মালাপাড়া ইউনিয়নের পূর্ব চন্ডিপুর এলাকায় দুই সন্তানকে রেখে সারমিন আক্তার (৩৫) নামে এক গৃহবধূ নিখোঁজ হওয়ার ঘটনায় উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। গত ১ জুন সকাল থেকে নিখোঁজ রয়েছেন তিনি। মাকে না পেয়ে দিশেহারা হয়ে পড়েছে তার দুই বছরের ছেলে আবদুল্লাহ ও আট বছরের মেয়ে ফারিয়া আক্তার।

নিখোঁজ সারমিন আক্তারের স্বামী মো. শরিফুল ইসলাম জানান, গত ১ জুন বিকেলে কাজ শেষে বাড়িতে ফিরে তিনি স্ত্রীকে খুঁজে পাননি। পরে মেয়ের কাছে জানতে পারেন, সকালে ডাক্তার দেখানোর কথা বলে বাড়ি থেকে বের হন তার মা, এরপর আর ফিরে আসেননি।

শরিফুল ইসলাম বলেন, আমি শ্বশুরবাড়িতে যোগাযোগ করলে তারা জানান, সারমিন সেখানে যাননি। এরপর আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

তিনি আরও দাবি করেন, ঘরে থাকা গরু বিক্রির ১ লাখ ৬৮ হাজার টাকা, কিস্তি থেকে উত্তোলন করা ৯০ হাজার টাকা, প্রায় ১ লাখ ৩০ হাজার টাকা মূল্যের স্বর্ণালংকারসহ মোট প্রায় ৪ লাখ টাকার মালামালও নিখোঁজ রয়েছে।

এদিকে মাকে না পেয়ে ছোট দুই সন্তান কান্নাকাটি করছে। পরিবারের সদস্য ও প্রতিবেশীরা তাদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেও শিশুদের স্বাভাবিক করা যাচ্ছে না।

সারমিন আক্তারের ভাই মো. মোবারক হোসেন বলেন,আমার বোনের স্বামী একজন ভালো মানুষ। ছোট ছোট সন্তানদের ফেলে সে কোথায় গেল আমরা জানি না। আমরা তার সন্ধান চাই এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানাই।

এ ঘটনায় গত ৩ জুন ব্রাহ্মণপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন শরিফুল ইসলাম।

ব্রাহ্মণপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাহতাব হোসেন বলেন, নিখোঁজ সারমিন আক্তার সম্পর্কে পরিবারের পক্ষ থেকে খুব বেশি তথ্য পাওয়া যায়নি। তাকে উদ্ধারে পুলিশ কাজ করছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়