Spread the love

পাঠ্যপুস্তকে হযরত ইমাম হাসান ও হোসাইন (আ.)-এর জীবন ও কর্ম অন্তর্ভুক্ত করা সময়ের অপরিহার্য দাবি বলে মন্তব্য করেছেন মাইজভাণ্ডার দরবার শরীফের পীর সাহেব হযরত শাহসুফি ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী ওয়াল হোসাইনী আল মাইজভাণ্ডারী মাদ্দাজিল্লুহুল আলী।

বৃহস্পতিবার (১৮ জুন) রাতে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের বগাডুবি এলাকায় মুহাম্মদ হাসান আলী মাইজভাণ্ডারীর বাসভবন সংলগ্ন মাঠে আয়োজিত বার্ষিক ওয়াজ ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রিয় দৌহিত্র হযরত ইমাম হাসান ও হোসাইন (আ.)-এর আদর্শ, প্রজ্ঞা, ধৈর্য, সততা, ন্যায়ের প্রশ্নে আপসহীনতা এবং অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামের শিক্ষা বর্তমান প্রজন্মের জন্য অনুসরণীয়। তরুণরাই একটি জাতির মূল চালিকাশক্তি হলেও বর্তমানে তাদের মধ্যে নৈতিকতার ঘাটতি দেখা যাচ্ছে। নৈতিকতা ছাড়া শিক্ষা প্রকৃত অর্থে মূল্যহীন বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, দুর্নীতি, প্রতারণা, যুদ্ধ-সংঘাত ও মানবতাবিরোধী কর্মকাণ্ডে জড়িত অনেকেই উচ্চশিক্ষিত। তাই শিক্ষার্থীদের নৈতিকভাবে গড়ে তুলতে পাঠ্যপুস্তকে মহামানবদের জীবনাদর্শ অন্তর্ভুক্ত করা প্রয়োজন। ইমাম হাসান ও হোসাইন (আ.)-এর জীবন-কর্ম পাঠ্যসূচিতে স্থান পেলে শিক্ষার্থীরা অন্যায়, দুর্নীতি, সন্ত্রাস ও প্রতারণা থেকে দূরে থেকে সুনাগরিক হিসেবে দেশ গঠনে ভূমিকা রাখতে উদ্বুদ্ধ হবে।

মাহফিলে আলোচক হিসেবে বক্তব্য দেন মইনীয়া যুব ফোরাম কেন্দ্রীয় পরিষদের ধর্মবিষয়ক সম্পাদক হাফেজ ক্বারী মাওলানা মোহাম্মদ কেরামত আলী, শায়ের মাওলানা মনসুর আলী এবং হাফেজ ক্বারী মাওলানা মোহাম্মদ খাজা বাহাউদ্দীন। বিশেষ অতিথি ছিলেন মইনীয়া যুব ফোরাম কেন্দ্রীয় পরিষদের সিনিয়র যুগ্ম সম্পাদক ফয়েজ আহমেদ।

এছাড়া খ্যাতিমান ওলামা-মাশায়েখ, আহলে সুন্নাত ওয়াল জামা’আতের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি, মাইজভাণ্ডার দরবার শরীফের খলিফাবৃন্দ, ট্রাস্টের সদস্য, আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া ও মইনীয়া যুব ফোরামের নেতাকর্মী, সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মাহফিলে অংশ নেন।

শেষে মিলাদ, কিয়াম ও আখেরি মোনাজাতের মাধ্যমে মুসলিম উম্মাহর কল্যাণ, দেশ ও বিশ্ববাসীর শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করা হয়। আখেরি মোনাজাত পরিচালনা করেন শাহসুফি মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী মাইজভাণ্ডারী।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়