Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশ ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে মাদক সেবনের অপরাধে তিন যুবককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৫ জুন) উপজেলার সিদলাই ও চান্দলা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক রহমানের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে অপরাধ স্বীকার করায় প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার সিদলাই গ্রামের মুছলেমের ছেলে মো. সালাউদ্দিন (২৪), একই গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম (৪৩) এবং চান্দলা গ্রামের মো. মতিন খানের ছেলে মো. রুবেল (২৬)।

পুলিশ সূত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) লিংকন কুমার নাথের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মাদক সেবনের অভিযোগে ওই তিনজনকে আটক করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের এই অভিযান একটি চলমান প্রক্রিয়া। তরুণ সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের বিশেষ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

ব্রাহ্মণপাড়া থানা পুলিশ জানিয়েছে, দণ্ডপ্রাপ্ত তিন ব্যক্তিকে বিকেলে আদালতের মাধ্যমে কুমিল্লা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়