চলমান বিশ্বকাপে দারুণ ছন্দ ধরে রেখেছে ‘ডার্ক হর্স’ তকমা পাওয়া মরক্কো। ইসমায়েল সাইবারির করা ম্যাচের একমাত্র গোলে স্কটল্যান্ডকে ১-০ ব্যবধানে হারিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে উঠে এসেছে উত্তর আফ্রিকার দেশটি।
বাংলাদেশ সময় শনিবার ভোরে যুক্তরাষ্ট্রের ফক্সবরোর জিলেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে নামে মরক্কো। ম্যাচ শুরুর মাত্র ৭১ সেকেন্ডের মাথায় স্কটল্যান্ডের গোলরক্ষক অ্যাঙ্গাস গানকে পরাস্ত করে জোরালো শটে জয়সূচক গোলটি করেন পিএসভি এইন্দহোফেনের ফরোয়ার্ড ইসমায়েল সাইবারি।
বিশ্বকাপের এবারের আসরে এটি সাইবারির দ্বিতীয় গোল। এর আগে গত সপ্তাহে ব্রাজিলের বিপক্ষে ১-১ গোলে ড্র হওয়া ম্যাচেও তিনি গোল করেছিলেন।
প্রথমার্ধে পিছিয়ে পড়ার পর ম্যাচে ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে স্কটল্যান্ড। বিশেষ করে শেষদিকে একের পর এক আক্রমণে মরক্কোর রক্ষণভাগে চাপ সৃষ্টি করে দলটি। এ সময় দুটি পেনাল্টির আবেদন জানালেও কোনোটিই গ্রহণ করেননি ম্যাচের রেফারি।
শেষ পর্যন্ত আর সমতায় ফিরতে পারেনি স্কটল্যান্ড। ফলে ১-০ গোলের গুরুত্বপূর্ণ জয় নিয়ে পূর্ণ তিন পয়েন্ট অর্জন করে ‘সি’ গ্রুপের শীর্ষস্থান দখল করেছে মরক্কো।
