সীমান্তে কথিত অবৈধ ‘পুশইন’ এবং ভারতীয় আধিপত্যবাদের প্রতিবাদে রাজধানীতে ভারতীয় দূতাবাস অভিমুখে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ আজাদ পার্টি।
শুক্রবার (১৯ জুন) রাত ৮টার দিকে মহাখালীর আমতলী এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে গুলশান-১ গোলচত্বরে পৌঁছালে পুলিশের বাধার মুখে পড়ে। পরে মিছিলকারীরা সেখানে অবস্থান নিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন। সমাবেশ শেষে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কুশপুত্তলিকা দাহ করে কর্মসূচি শেষ করেন তারা।
সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ আজাদ পার্টির সভাপতি সাবেক লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান, মেজর আক্তারুজ্জামান, এবি জুবায়ের, রাশেদ প্রধানসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা অভিযোগ করেন, ভারতের পক্ষ থেকে অবৈধভাবে মানুষকে বাংলাদেশে ঠেলে দেওয়ার ঘটনা এবং বাংলাদেশকে ঘিরে বিভিন্ন কর্মকাণ্ড দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করছে। এ পরিস্থিতিতে সরকারের প্রতি আরও কঠোর অবস্থান গ্রহণের আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, প্রতিবেশী দেশের সঙ্গে পারস্পরিক সম্মান ও সমতার ভিত্তিতে সম্পর্ক বজায় রাখার পাশাপাশি বাংলাদেশের স্বার্থবিরোধী যেকোনো পদক্ষেপের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে।কর্মসূচি শেষে নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে এলাকা ত্যাগ করেন।
