কুমিল্লা জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে সম্মাননা পেয়েছেন ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন। গত মে মাসে মাদকবিরোধী অভিযানে বিশেষ সাফল্য ও আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়।
সোমবার (১৫ জুন) কুমিল্লা জেলা পুলিশ লাইন্সের ড্রিলশেড শহীদ এবিএম আবদুল হালিম মিলনায়তনে অনুষ্ঠিত জেলা পুলিশের মাসিক কল্যাণসভায় জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান (পিপিএম-সেবা) তাঁর হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) পংকজ বড়ুয়াসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত মে মাসে মাদকদ্রব্য উদ্ধারে অসামান্য সাফল্যের স্বীকৃতিস্বরূপ ওসি মো. ফারুক হোসেনকে জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ওসি হিসেবে নির্বাচিত করা হয়।
একই সঙ্গে মাদকদ্রব্য উদ্ধারে বিশেষ অবদানের জন্য ব্রাহ্মণপাড়া থানার এসআই মো. আল আমিন, এসআই সৈকত মজুমদার, এএসআই মো. সাইফুল ইসলাম সিদ্দিকী এবং এএসআই মো. নুর-আল-আহসানকে পুরস্কৃত করা হয়। তাঁদের নেতৃত্বে পরিচালিত অভিযানে ১ হাজার ৫৪৬ পিস ইয়াবা ট্যাবলেট, ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ, ২৫ বোতল স্কাফ সিরাপ, ১০৪ কেজি গাঁজা এবং একটি গাঁজা গাছ উদ্ধার করা হয়।
গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরে বিশেষ সাফল্যের জন্য এসআই সৈকত মজুমদার, এএসআই মো. সাইফুল আলম সিদ্দিকী, এএসআই মো. নুর-আল-আহসান, এএসআই মো. নাছির উদ্দিন ও এএসআই মো. ইমরান হোসেনকে সম্মাননা দেওয়া হয়। তাঁরা সম্মিলিতভাবে ৪০টি গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করেন।
এ ছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৩ জনকে সাজা প্রদানে সহায়তা করায় এসআই মো. মাহতাব হোসাইন পুরস্কৃত হন। মাদকদ্রব্য উদ্ধার, ওয়ারেন্ট তামিলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অভিযানে ভূমিকা রাখায় কনস্টেবল আরমান খান ও কনস্টেবল নুর মোহাম্মদ শেখও পুরস্কার গ্রহণ করেন।
পুরস্কারপ্রাপ্তির প্রতিক্রিয়ায় ওসি মো. ফারুক হোসেন বলেন, “এই স্বীকৃতি শুধু আমার একার নয়, ব্রাহ্মণপাড়া থানার প্রতিটি পুলিশ সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফল। মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে আমরা সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও আইনশৃঙ্খলা রক্ষা এবং মাদকমুক্ত সমাজ গঠনে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
