Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পুলিশের পৃথক পৃথক মাদকবিরোধী অভিযানে ২৭ কেজি মাদকসহ আটজন নারী-পুরুষকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৫ মে) ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত আনুমানিক ২টা ২০ মিনিটে ব্রাহ্মণপাড়া থানার এসআই (নিরস্ত্র) মো. আল আমিন সঙ্গীয় ফোর্সসহ উপজেলার ৪ নম্বর শশীদল ইউনিয়নের দক্ষিণ তেতাভূমি (পুকুরপাড়) এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় অলি হোসেনের বাড়িতে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় অলি হোসেন (৩৫) কে গ্রেফতার করা হয়।

অন্যদিকে, একই দিন সকাল আনুমানিক ১০টা ১০ মিনিটে এসআই (নিরস্ত্র) সৈক্ত মজুমদার সঙ্গীয় ফোর্সসহ উপজেলার ৩ নম্বর চান্দলা ইউনিয়নের দক্ষিণ চান্দলা (তাল্লুকপাড়া) এলাকায় টানা ব্রিজের পূর্ব পাশে টানা ব্রিজ-মন্দবাগ সড়কে অভিযান চালান। এ সময় মাসুদ খাঁনের দোকানের সামনে থেকে মোসা. মরিয়ম বেগম (৩৫) ও মোসা. সাথী আক্তার (২৫) কে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে সাত কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

এদিকে, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদক সেবনের দায়ে মো. সোহেল আজাদ (২৩) কে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং মো. ইয়াছিন (১৯) কে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

এ ছাড়া পৃথক অভিযানে আরও তিনজন গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

ব্রাহ্মণপাড়া থানার ওসি ফারুক হোসেন জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে মঙ্গলবার দুপুরে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।