Spread the love

নারায়ণগঞ্জে আসামি গ্রেপ্তার অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) দক্ষিণ বিভাগের তিন সদস্য। হামলায় গুরুতর আহত উপপরিদর্শক (এসআই) মামুন মাতুব্বর, সহকারী উপপরিদর্শক (এএসআই) আমান উল্লাহ এবং কনস্টেবল কবির আহম্মেদকে উদ্ধার করে প্রথমে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হয়েছে। আহত এসআই মামুন মাতুব্বরের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে ঢাকা জেলা ডিবির চার সদস্যের একটি দল রূপগঞ্জের গাউছিয়া এলাকায় একটি মামলার আসামিকে গ্রেপ্তারের উদ্দেশ্যে অভিযান চালায়। এ সময় আসামিপক্ষের লোকজন তাদের ওপর হামলা চালায়। একপর্যায়ে তিন পুলিশ সদস্যকে মারধর করে একটি পিকআপে তুলে আড়াইহাজার উপজেলার উচিতপুরা ইউনিয়নের শান্তিনগর বাজারে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের আবারও মারধর করা হয়।

খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত তিন সদস্যকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

পুলিশ আরও জানায়, অভিযানে থাকা অপর সদস্য কনস্টেবল আকাশ আহমেদ হামলার সময় পাশের একটি ওয়াশরুমে আশ্রয় নেওয়ায় তিনি অক্ষত থাকেন। পরে তিনি দলের ব্যবহৃত মাইক্রোবাস নিয়ে আড়াইহাজার থানায় গিয়ে ঘটনাটি জানান।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন বলেন, “আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত চলছে।”

নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বলেন, “ঢাকা জেলা ডিবির সদস্যরা সাদা পোশাকে অভিযানে গিয়েছিলেন। ইউনিফর্ম না থাকায় স্থানীয় জনতা তাদের সন্দেহ করে হামলা চালায়। পরে সোনারগাঁ ও আড়াইহাজার থানা পুলিশ তাদের উদ্ধার করে।”

ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়