Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত শাড়িগুলোর আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৭০ লাখ ১৭ হাজার টাকা।

সোমবার (৪ মে ) সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) একটি বিশেষ অভিযান পরিচালনা করে এসব শাড়ি জব্দ করে। বিষয়টি সোমবার রাতে নিশ্চিত করেছে বিজিবি।

বিজিবি সূত্রে জানা যায়, সুলতানপুর ব্যাটালিয়নের আওতাধীন শশীদল বিওপির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় অবস্থান নেয়। এ সময় চোরাকারবারীরা ভারত থেকে অবৈধভাবে শাড়ির একটি বড় চালান দেশে প্রবেশ করানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালায়।

বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মালামাল ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করা হয়।

সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম জানান, জব্দকৃত শাড়িগুলো আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও অভিযান কার্যক্রম জোরদার করা হয়েছে।