Spread the love

কুমিল্লার মুরাদনগরে মসজিদে এশার নামাজ আদায়ের সময় মো. গিয়াস উদ্দিন সরকার (৬৫) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) রাতে উপজেলার সদর ইউনিয়নের ধনীরামপুর বাজার জামে মসজিদে এ ঘটনা ঘটে।

মৃত গিয়াস উদ্দিন সরকার ধনীরামপুর গ্রামের সরকার বাড়ির মৃত মনু মিয়ার ছেলে। তিনি পেশায় জমির পরিমাপক ছিলেন। এলাকায় তিনি একজন সজ্জন, ধর্মপ্রাণ ও সদালাপী মানুষ হিসেবে পরিচিত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাতে গিয়াস উদ্দিন সরকার এশার নামাজ আদায়ের জন্য ধনীরামপুর বাজার জামে মসজিদে যান। ফরজ নামাজ শেষে বিতর নামাজের দ্বিতীয় রাকাতের রুকুতে যাওয়ার সময় তিনি হঠাৎ সামনের দিকে ঝুঁকে পড়ে যান। বিষয়টি দেখে অন্য মুসল্লিরা দ্রুত এগিয়ে এসে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করেন।

পরে স্থানীয়রা তাকে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।

শুক্রবার সকালে ধনীরামপুর খেলার মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়