Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বাবা-ছেলের ঝগড়ার মাঝে পড়ে প্রাণ হারালেন এক মা-পারভীন বেগম (৫০)।

(৪ মে) সোমবার সকালে এ বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফারুক হোসেন।এ হৃদয়বিদারক ঘটনাটি ঘটে উপজেলার মাধবপুর ইউনিয়নের মিরপুর এলাকার সরকার বাড়িতে। নিহত পারভীন বেগম ওই এলাকার নাসিরের স্ত্রী।এ ঘটনায় নিহতের স্বামী নাসিরকে আটক করা হয়েছে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়,রোববার সকাল ৮টার দিকে নাসির ও পারভীন দম্পতির ছেলে ইয়াসিন (১৭) পেশায় একজন রংমিস্ত্রি। তবে কিছুদিন ধরে সে কাজে যাচ্ছিল না। এ নিয়ে সকালে বাবা-ছেলের মধ্যে শুরু হয় তর্ক, যা দ্রুতই রূপ নেয় তীব্র ঝগড়ায়। একপর্যায়ে ছেলে ইয়াসিনকে মারতে উদ্যত হন বাবা নাসির।

ঠিক তখনই ছেলেকে বাঁচাতে ছুটে আসেন মা পারভীন বেগম। কিন্তু মায়ের সেই মমতা-ভরা হস্তক্ষেপই যেন হয়ে দাঁড়ায় তার জীবনের শেষ মুহূর্ত। অভিযোগ রয়েছে, ধাক্কায় মাটিতে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে পড়েন তিনি।

পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে।

ব্রাহ্মণপাড়া থানার ওসি মো. ফারুক হোসেন জানান,ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় নিহতের স্বামী নাসিরকে আটক করা হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়