জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জুলাই সনদ নিয়ে রাজনৈতিক বিতর্কের নিষ্পত্তি সংসদে হওয়া উচিত। অন্যথায় এর ফয়সালা রাজপথেই হবে।
বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে আয়োজিত এক জরুরি প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
মিয়া গোলাম পরওয়ার জানান, জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মতপার্থক্য তৈরি হয়েছে, তা দ্রুত সমাধান করা প্রয়োজন। এ বিষয়ে আগামী ২১ জুন ১১টি রাজনৈতিক দলের জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠক থেকেই পরবর্তী আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান তিনি।
গণভোটের রায় বাস্তবায়ন এবং জনদুর্ভোগ লাঘবের দাবিতে আগামী ২০ জুন খুলনা সার্কিট হাউস ময়দানে জামায়াতে ইসলামীর বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশ উপলক্ষে আয়োজিত এ প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, শনিবার দুপুর ২টায় শুরু হওয়া সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের আমির ডা. শফিকুর রহমান।
সমাবেশ সফল করতে খুলনা বিভাগের বিভিন্ন জেলা, উপজেলা, গ্রাম ও শহরে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হচ্ছে বলে জানান জামায়াতের এই নেতা। তিনি বলেন, মাইকিং, লিফলেট বিতরণসহ বিভিন্ন সাংগঠনিক কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। সমাবেশে অংশগ্রহণকারী নারী ও পুরুষদের জন্য পৃথক স্থানের ব্যবস্থাও রাখা হয়েছে।প্রেস ব্রিফিংয়ে জামায়াতের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
