Spread the love

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পদুয়ারবাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে লবণবাহী ট্রাক থেকে ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ কোটি ৮০ লাখ টাকা।

বৃহস্পতিবার দুপুরে পদুয়ারবাজার এলাকায় গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে একটি কাভার্ডভ্যান কেটে বিশেষভাবে লুকিয়ে রাখা ইয়াবার চালান উদ্ধার করে পুলিশ।

কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান জানান, মাদকের বিরুদ্ধে বাংলাদেশ সরকার ও কুমিল্লা জেলা পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল জানতে পারে, চৌদ্দগ্রাম এলাকা থেকে একটি প্রাইভেটকারের স্কটের মাধ্যমে বিপুল পরিমাণ ইয়াবার চালান ঢাকার দিকে নেওয়া হচ্ছে।

তিনি বলেন, সন্দেহভাজন প্রাইভেটকারটি থামিয়ে চালক ও যাত্রীদের জিজ্ঞাসাবাদ করলে তারা স্বীকার করেন যে, লবণ পরিবহনের আড়ালে একটি কাভার্ডভ্যানে ইয়াবা পাচার করা হচ্ছে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পদুয়ারবাজার এলাকায় কাভার্ডভ্যানটি আটক করা হয়।

পুলিশ জানায়, কাভার্ডভ্যানটির উপরের অংশে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১৬টি প্যাকেট থেকে মোট ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় আটক ব্যক্তিরা হলেন— সিরাজগঞ্জ জেলার কাভার্ডভ্যান মালিক শিপন শেখ, প্রাইভেটকার চালক রুবেল, যাত্রী সোহেল রানা, কাভার্ডভ্যান চালক মোজাহের শেখ এবং হেলপার সুরুজ হোসেন।

পুলিশ সুপার আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তিনি মাদকের বিরুদ্ধে চলমান অভিযান আরও জোরদার করার কথাও জানান।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়