কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই ইউনিয়নে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ দুইজন দগ্ধ হয়েছেন। শুক্রবার (৬ মার্চ) বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে।রাতে এ বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শারমিন সুলতানা।
দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতরা হলেন— উপজেলার শিদলাই ইউনিয়নের পুমকারা এলাকার বাসিন্দা মুলফত আলীর ছেলে হাসান (১৮) এবং একই এলাকার অনিক আহমেদের ছেলে দ্বীন ইসলাম (৬)।
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, শিদলাই ইউনিয়নের পুমকারা এলাকার একটি চা-দোকানে হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় দোকানে থাকা হাসান ও শিশু দ্বীন ইসলাম দগ্ধ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শারমিন সুলতানা বলেন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ অবস্থায় দুজনকে হাসপাতালে আনা হয়। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
