কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় প্রতি রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আলোচনায় এসেছেন কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন। অভিযানের একাধিক ভিডিও ফুটেজে দেখা যায়, চোরাকারবারি ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)কে নির্দেশ দিচ্ছেন তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকেই বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলাকে মাদকমুক্ত করতে প্রশাসনকে কঠোর নির্দেশনা দিয়ে আসছেন হাজী জসিম উদ্দিন। গত সোমবার ব্রাহ্মণপাড়ার সীমান্তবর্তী আশাবাড়ি এলাকায় তিনি নিজেই অভিযানে অংশ নেন। এরপর থেকে প্রায় প্রতিরাতেই সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করছেন তিনি।
গভীর রাতে সীমান্ত পথে মাদক চোরাচালান ও বেচাকেনা রোধে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় এ অভিযান পরিচালিত হচ্ছে। অভিযানে সংসদ সদস্য নিজে উপস্থিত থেকে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন।
এ বিষয়ে সংসদ সদস্য মো. জসিম উদ্দিন বলেন, “বুড়িচং-ব্রাহ্মণপাড়াসহ সারা বাংলাদেশ মাদকে সয়লাব হয়ে গেছে। মাদকের বিরুদ্ধে আমার ‘জিরো টলারেন্স’ নীতি। যদি এলাকা মাদকমুক্ত করতে না পারি, প্রয়োজনে আমি পদত্যাগ করবো।”
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের কিছু গাইডলাইন দিয়েছেন। সে বিষয়ে দুই উপজেলার প্রশাসনের সঙ্গে কথা বলেছি এবং তাদের সহযোগিতা চেয়েছি। শুধু মাদক নয়, চাঁদাবাজি, ইভটিজিং ও সন্ত্রাসের বিরুদ্ধেও কঠোর অবস্থান নেওয়া হবে। এ বিষয়ে সবার সহযোগিতা প্রয়োজন।
অভিযানে বিজিবি সদস্যরা অংশ নেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে বলে জানা গেছে।
স্থানীয়দের মতে, এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকলে সীমান্ত এলাকায় মাদকের বিস্তার অনেকাংশে কমে আসবে।
