জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় বাংলা ও ইংরেজি মিশিয়ে দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে আলোচনায় এসেছেন সংরক্ষিত নারী আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য জেবা আমিন খান। তার বক্তব্যের কিছু অংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।
মঙ্গলবার (১৬ জুন) বাজেটের ওপর সাধারণ আলোচনায় বিরোধী দলের কয়েকজন সদস্য সরকারের বিভিন্ন খাতের সমালোচনা করেন। এ সময় ভাঙাচোরা ও কাঁচা সড়কের বিষয়টি উত্থাপন করেন এক সংসদ সদস্য। এর জবাবে বক্তব্য দিতে গিয়ে জেবা আমিন খান বাংলা ও ইংরেজি মিলিয়ে বলেন, “সিক্সটিন হানড্রেড মাইল অফ কাঁচা রাস্তা। দ্য রাস্তাস আর ভেরি ভেরি ব্যাড সিচুয়েশন। দিস ইজ ডিউ টু দুর্নীতি। ফ্রম দ্য প্রিভিয়াস রিজিম।”
প্রায় ১১ মিনিটের বক্তব্যে তিনি দাবি করেন, দেশের অনেক সড়কের বেহাল অবস্থার জন্য আগের সরকারের দুর্নীতি দায়ী। তিনি বলেন, পূর্ববর্তী শাসকগোষ্ঠী বড় বড় উন্নয়ন প্রকল্প করলেও সাধারণ মানুষের প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নে যথাযথ গুরুত্ব দেয়নি।
বক্তব্যে তিনি আরও বলেন, বর্তমান সরকারকে কাজের জন্য সময় দেওয়া প্রয়োজন। পাশাপাশি প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর উদ্যোগে উত্তরাঞ্চলকে কৃষি হাব হিসেবে ঘোষণার বিষয়টি উল্লেখ করে এর প্রশংসা করার আহ্বান জানান।
এক পর্যায়ে স্পিকার তাকে নির্ধারিত সময় শেষ হওয়ার কথা স্মরণ করিয়ে দিয়ে বক্তব্য সংক্ষিপ্ত করতে বলেন। তবে জেবা আমিন খান জানান, তার আরও অনেক কথা বলার আছে এবং অতিরিক্ত সময় দেওয়ার অনুরোধ করেন। পরে স্পিকার তাকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করেন এবং ভবিষ্যতে আরও সুযোগ পাওয়ার আশ্বাস দেন।
সংসদে তার বাংলা-ইংরেজি মিশ্রিত বক্তব্যের ভিডিও ও উদ্ধৃতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যায়। কেউ বিষয়টিকে হাস্যরসের উপাদান হিসেবে দেখছেন, আবার কেউ একজন আইনপ্রণেতার ভাষাগত দক্ষতা নিয়ে প্রশ্ন তুলছেন। তবে এ বিষয়ে জেবা আমিন খানের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
