Spread the love

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, গণভোটের বৈধতাকে আদালতের মাধ্যমে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চলছে। মঙ্গলবার কুমিল্লা নগরীর মোগলটুলীতে এনসিপির কুমিল্লা বিভাগীয় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, “আমরা ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট দিয়ে গণভোটকে জয়যুক্ত করেছি। সেই গণরায়কে আদালতে নেওয়া হচ্ছে। গণভোটের বৈধতা প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। আমরা সেটা মানবো না। জনগণের রায়কে আদালতে নেওয়া হলে আমাদেরও রাজপথে যেতে হবে।” তিনি আরও বলেন, “আমরা জুলাইয়ের মতো ‘হাইকোর্ট না রাজপথ’ স্লোগান দিতে চাই না। কিন্তু আমাদের বাধ্য করবেন না। গণরায় অনুযায়ী সকল সংস্কার বাস্তবায়ন করতে হবে।”

ভারতের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, “ভারতের কাছে অবিলম্বে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর দাবি জানাতে হবে। শেখ হাসিনাকে ফেরত না পাঠালে ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হবে না। জুলাই গণহত্যার বিচার, শেখ হাসিনার বিচার এবং ওসমান হাদীর হত্যাকারীদের দেশে ফেরত পাঠানোর পরই সম্পর্কের বিষয়ে ভাবা যাবে।”

ইফতার মাহফিলে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, “সংবিধান সংস্কার বাস্তবায়নে বিএনপি সংসদ সদস্যদের শপথগ্রহণ করা উচিত। গণমাধ্যমের স্বাধীনতার নামে গুজব ছড়ানো ঠিক নয়। ড. মুহাম্মদ ইউনুসকে নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। আমরা দায়িত্বশীল সাংবাদিকতা চাই।”

দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, “দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের অবস্থান অব্যাহত থাকবে। শরিফ ওসমান হাদীর হত্যার দ্রুত বিচার দাবি করছি। প্রয়োজনে আমরা আন্দোলনে নামবো।”

এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া দাবি করেন, “গণভোটে ৭০ শতাংশ ভোট পেয়ে ‘হ্যাঁ’ জয়ী হয়েছে। জুলাই সনদ ও সংস্কার বাস্তবায়ন না হলে আমরা আবারও রাজপথে নামবো।”

দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক সরজিস আলম বলেন, “বিএনপির কিছু নেতা ও আইনজীবী দেশকে পুরোনো ধারায় ফেরাতে চায়। মাঠ পর্যায়ে আমাদের নেতাকর্মীদের হুমকি দেওয়া হচ্ছে। এসব মোকাবিলায় সাংগঠনিকভাবে আরও শক্তিশালী হতে হবে।”
অনুষ্ঠানে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *