Spread the love

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) কর্তৃক পরিচালিত পৃথক অভিযানে প্রায় আড়াই কোটি টাকার অবৈধ ভারতীয় বাজি, ফুচকা ও প্রসাধনী সামগ্রী আটক করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, গত ৩ মার্চ ২০২৬ তারিখ রাত ৮টায় সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সালমান ফার্সির উপস্থিতিতে ব্যাটালিয়নের অ্যাডজুট্যান্টের নেতৃত্বে বিজিবি ও পুলিশের সমন্বয়ে গঠিত একটি টাস্কফোর্স দল কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার রসুলপুর রেলওয়ে স্টেশনে চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনে অভিযান পরিচালনা করে। অভিযানে মালিকবিহীন অবস্থায় ১,৬৩,৩৬,৫০০ টাকা মূল্যের বিভিন্ন প্রকার ভারতীয় বাজি, ফুচকা ও প্রসাধনী সামগ্রী জব্দ করা হয়।

এছাড়াও একই দিনে কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার পালপাড়া ও জোড়া ব্রিজ এলাকায় বিজিবির বিশেষ টহল দল পৃথক অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় বাজি আটক করে। এসব মালামালের আনুমানিক সিজারমূল্য ৯৫,৬৪,০০০ টাকা।

সবমিলিয়ে অভিযানে মোট ২,৫৯,০০,৫০০ টাকা মূল্যের অবৈধ চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

আটককৃত মালামাল বিধি মোতাবেক কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে বলে জানিয়েছেন বিজিবি।