Spread the love

চাকরিপ্রত্যাশীদের দক্ষতা উন্নয়ন, সঠিক প্রশিক্ষণ প্রদান এবং উপযুক্ত কর্মসংস্থানের সঙ্গে যুক্ত করার লক্ষ্যে কুমিল্লায় অনুষ্ঠিত হয়েছে জমকালো চাকরি মেলা। ‘পেইজ ডেভেলপমেন্ট সেন্টার’-এর রেইজ (RAISE) প্রকল্পের আওতায় এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় বুধবার (১৭ জুন) এ মেলার আয়োজন করা হয়।

সকাল ৯টা থেকে কুমিল্লা নগরীর কান্দিরপাড় টাউন হল মাঠে দিনব্যাপী আয়োজিত এ মেলায় দেশের বিভিন্ন স্বনামধন্য ও শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান অংশ নেয়। চাকরিপ্রার্থীদের ব্যাপক উপস্থিতিতে মেলাটি প্রাণবন্ত হয়ে ওঠে।

পেইজ ডেভেলপমেন্ট সেন্টার, কুমিল্লার নির্বাহী পরিচালক মো. ইউনুছের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. নুরুল ইসলাম পাটওয়ারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. ইছহাক এবং পেইজ ডেভেলপমেন্ট সেন্টারের সভাপতি ডা. এ কে এম আব্দুস সেলিম।

মেলায় সরেজমিনে দেখা যায়, চাকরিপ্রার্থী ও নিয়োগদাতা প্রতিষ্ঠানের মধ্যে সরাসরি যোগাযোগের সুযোগ সৃষ্টি হয়েছে। আগত চাকরিপ্রার্থীরা বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের কাছে জীবনবৃত্তান্ত (সিভি) জমা দেন এবং তাৎক্ষণিক সাক্ষাৎকারে অংশগ্রহণ করেন।

মেলার অন্যতম আকর্ষণ ছিল দেশের বিভিন্ন খাতের প্রতিষ্ঠিত কোম্পানির অংশগ্রহণ। প্রতিষ্ঠানগুলো তাদের জনবল নিয়োগ কার্যক্রম পরিচালনার পাশাপাশি চাকরিপ্রার্থীদের কর্মক্ষেত্রের চাহিদা ও সম্ভাবনা সম্পর্কে ধারণা দেয়।

এছাড়া অভিজ্ঞ পেশাজীবীরা তরুণদের জন্য ক্যারিয়ার বিষয়ক দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করেন। এতে চাকরিপ্রত্যাশীরা নিজেদের দক্ষতা উন্নয়ন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য লাভ করেন।

আয়োজক সংস্থা পেইজ ডেভেলপমেন্ট সেন্টার আশা প্রকাশ করে, এ চাকরি মেলার মাধ্যমে কুমিল্লার দক্ষ ও যোগ্য বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে এবং তা স্থানীয় ও জাতীয় অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়