বৈধভাবে মাটি কাটা ও ব্যবসা পরিচালনার সুযোগ তৈরির দাবিতে কুমিল্লার দেবীদ্বারে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মহাসড়ক অবরোধ করেছেন ট্রাক্টর পরিবহন শ্রমিকরা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি প্রদান করেন তারা।
রবিবার (১ মার্চ) সকাল ১১টা থেকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়ক প্রায় এক ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা। এতে মালবাহী ও যাত্রীবাহী যান চলাচল ব্যাহত হয়ে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।
বিক্ষোভকারীরা পরে নিউমার্কেট মুক্তিযুদ্ধ চত্বরের স্বাধীনতা স্তম্ভের পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশ করেন। সেখানে বক্তারা বলেন, গোমতী নদী থেকে মাটি কাটা বন্ধ করে দেওয়ায় প্রায় ২০ হাজার শ্রমিক বেকার হয়ে পড়েছেন। বন্ধ হয়ে গেছে প্রায় ২০০ ট্রাক্টর, ড্রেজার ও ভেকু। উপজেলার ২৩টি ইটভাটাও বন্ধ হওয়ার পথে।এতে আবাসন নির্মাণ, সরকারি-বেসরকারি ভবন নির্মাণ ও সড়ক উন্নয়ন কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে দাবি করেন তারা।
এর আগে, গত ২৫ ফেব্রুয়ারি দেবীদ্বার উপজেলা মাসিক আইন-শৃঙ্খলা সভায় কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ সতর্ক করে বলেন, গোমতী নদী থেকে কেউ যেন এক কোদাল মাটিও কাটতে না পারে, তা স্থানীয় প্রশাসনকে নিশ্চিত করতে হবে। এর পর থেকেই মাটি ব্যবসায়ী ও শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়।
অন্যদিকে দীর্ঘদিন ধরে স্থানীয় ভুক্তভোগী বাসিন্দারা অভিযোগ করে আসছেন, অবৈধভাবে মাটি কাটার ফলে গোমতী নদীর পরিবেশ বিপর্যস্ত হচ্ছে।ভেঙে যাচ্ছে ভেরিবাঁধ ও সড়ক, ক্ষতিগ্রস্ত হচ্ছে আবাদি জমির উর্বরতা। ট্রাক্টরের ধুলাবালিতে বাড়িঘর ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং শিশু-বৃদ্ধরা নানা রোগে আক্রান্ত হচ্ছেন। অবৈধ ইটভাটার ধোঁয়ায় পরিবেশ ও ফসলেরও ক্ষতি হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
এ বিষয়ে ইউএনও রাকিবুল ইসলাম জানান, তিনি তখন অফিসে ছিলেন না। স্মারকলিপি না দেখে এ বিষয়ে মন্তব্য করা সম্ভব নয়।
