Spread the love

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় ট্রাক্টরের চাকায় হাওয়া দিতে গিয়ে চাকা বিস্ফোরণের ঘটনায় মোঃ শিপন (২৮) নামে এক চালকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ১১টার দিকে দেবিদ্বার উপজেলার চরবাকর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিপন কুমিল্লার বুড়িচং উপজেলার রামনগর এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শিপন নিজেই তার ট্রাক্টরের চাকায় হাওয়া দিচ্ছিলেন। এ সময় হঠাৎ করেই চাকা বিস্ফোরিত হলে তিনি গুরুতর আহত হন। আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

দেবিদ্বার থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান এ বিষয়টি নিশ্চিত করে জানায়, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।