কুমিল্লার দেবিদ্বারে মাদকাসক্ত ছেলের লাঠিপেটায় পিতা নিহত হওয়ার অভিযোগ উঠেছে। শনিবার (১৬ মে) সকালে দেবিদ্বার পৌর এলাকার বড়আলমপুর কুশাগাজী বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল আলীম ওরফে ছেনু মিয়া (৬০) ওই এলাকার মৃত আকমত আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন প্রবাস জীবন শেষে দেশে ফিরে ছেনু মিয়া একটি মোবাইল কোম্পানির টাওয়ারে নৈশপ্রহরী হিসেবে চাকরি করতেন। তার বড় ছেলে রাসেল আহমেদ (৩০) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদকের টাকার জন্য প্রায়ই বাবার সঙ্গে ঝগড়া ও মারধরের ঘটনা ঘটত। কয়েকদিন আগে রাসেল বাবার কাছ থেকে প্রায় ২ লাখ টাকা নিয়েছে বলেও অভিযোগ রয়েছে।
শনিবার সকালে দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে ছেনু মিয়া দেখতে পান, জাহাঙ্গীর আলম নামে এক ব্যক্তি তার লাগানো কিছু গাছ কাটছেন। জানা যায়, ছেনু মিয়া ওই জমির ৬ শতাংশ বিক্রি করেছিলেন। ক্রয়কৃত জমিতে সীমানা প্রাচীর নির্মাণের সময় গাছ কাটাকে কেন্দ্র করে ছেনু মিয়া বাধা দিলে বিষয়টি রাসেল আহমেদের কাছে বিচার দেওয়া হয়।
এ নিয়ে বাবা-ছেলের মধ্যে তর্কাতর্কির এক পর্যায়ে রাসেল লাঠি দিয়ে তার বাবাকে পিটিয়ে আহত করে। প্রত্যক্ষদর্শীরা জানান, পরে ছেনু মিয়া একটি দা নিয়ে রাসেলকে ধাওয়া করলে রাসেলের হাতে দা’র কোপ লাগে। এতে ক্ষিপ্ত হয়ে রাসেল পুনরায় তার বাবাকে বেধড়ক মারধর করে গুরুতর আহত করে।
পরিবারের সদস্যরা প্রথমে ঘরেই তার চিকিৎসার চেষ্টা করেন। পরে বেলা দেড়টার দিকে আশঙ্কাজনক অবস্থায় দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর থেকে অভিযুক্ত রাসেল আহমেদ পলাতক রয়েছে। এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ বিরাজ করছে। খবর পেয়ে পুলিশ বিকেল সাড়ে ৩টার দিকে ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে থানায় নিয়ে আসে।
এদিকে স্থানীয় কয়েকজন ব্যক্তি ও নিহতের এক ছেলে পারিবারিকভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করেন এবং লাশ থানায় নিতে বাধা দেন বলে জানা গেছে।
নিহতের স্ত্রী নাজমা বেগম বলেন, “আমার ছেলে রাসেলই আমার স্বামীকে পিটিয়ে হত্যা করেছে।”
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, “গাছ কাটা নিয়ে পিতা-পুত্রের মধ্যে তর্কাতর্কির একপর্যায়ে মারামারির ঘটনা ঘটে। পরে পিতার মৃত্যুর খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।”
