কুমিল্লার দেবিদ্বারে বাবার মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মো. খালিদ হোসেন (৮) নামে এক মাদরাসা পড়ুয়া শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (৩ মে) সকাল ১০টার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার পৌরসভার বানিয়াপাড়া এলাকায় আজগর আলী বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত খালিদ হোসেন দেবিদ্বার উপজেলার রসুলপুর ইউনিয়নের গোপালনগর গ্রামের সাবেক পুলিশ কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন স্বপনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, খালিদ তার বাবার সঙ্গে দেবিদ্বার পৌর এলাকার বাবুস সালাম হাফিজিয়া মাদরাসা থেকে মোটরসাইকেলে করে বাড়ির দিকে ফিরছিল। পথে আজগর আলী বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছালে ভাঙাচোরা সড়কের কারণে মোটরসাইকেলটি ঝাঁকুনির সম্মুখীন হয়। এতে খালিদ মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যায়। এ সময় পেছন থেকে আসা একটি কাভার্ডভ্যান তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর খালিদের বাবা তার রক্তাক্ত দেহ নিয়ে বাড়ির উদ্দেশ্যে চলে যান বলে জানা গেছে।
বাবুস সালাম মাদরাসার শিক্ষক মো. আবু সাঈদ জানান, খালিদের বাবা সম্প্রতি মাদরাসায় অফিসিয়াল দায়িত্বে যোগ দেন এবং খালিদ তার সঙ্গে যাতায়াত করত। তবে সে মাদরাসায় ভর্তি ছিল না।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। শিশুটি ঘটনাস্থলেই মারা গেছে।”
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত সড়কটির সংস্কার ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।
