শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জিয়াউর রহমান যেভাবে বাংলাদেশকে গড়ে তুলতে চেয়েছিলেন, বর্তমান সরকার সেই পথ অনুসরণ করেই দেশ পরিচালনার চেষ্টা করছে।
রোববার (৩১ মে) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, “মানুষ তাদের কাছেই প্রত্যাশা করে, যাদের কাছ থেকে কিছু পাওয়ার আশা থাকে। আমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ ও কঠিন সময় অপেক্ষা করছে। এই সময় হেসেখেলে কাটিয়ে দিলে দেশ ও ভবিষ্যৎ প্রজন্ম ক্ষতিগ্রস্ত হবে।”
তিনি বলেন, কঠোর পরিশ্রম ও সততার মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশকে একটি শক্ত অবস্থানে নিয়ে গিয়েছিলেন। দেশের মানুষের কাছে জিয়া এবং বাংলাদেশ যেন একে অপরের পরিপূরক হয়ে উঠেছিল।
তারেক রহমান বলেন, “জিয়াউর রহমানের আদর্শ, কর্মনিষ্ঠা ও সততার পথ অনুসরণ করতে হবে। তাঁর দেখানো পথেই দেশের উন্নয়ন ও অগ্রগতি সম্ভব।”
দেশে সামাজিক, ধর্মীয় ও পারিবারিক মূল্যবোধের অবক্ষয়ের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, শিশুদের মধ্যে এসব মূল্যবোধ গড়ে তুলতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য তথ্য ও শিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়েছে।
এ সময় বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে তিনি সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান। তিনি বলেন, “নির্বাচনের আগে যেভাবে পরিশ্রম করেছেন, সেই ধারা অব্যাহত রাখতে হবে। দলের ইশতেহার বাস্তবায়নের মাধ্যমে সরকারকে সফল করতে হবে।”
আলোচনা সভায় বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
