কুড়িগ্রামের রৌমারী উপজেলায় একটি মোরগ পোলাওয়ের প্যাকেটের ভেতর আস্ত ব্যাঙ পাওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি জানাজানি হওয়ার পর খাদ্যের মান ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা।
সোমবার (১ জুন) বিকেলে এ ঘটনায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার নান্না বিরিয়ানি হাউজ থেকে আতিয়ার রহমান ও আশিকুর রহমান নামে দুই ব্যক্তি পাঁচ প্যাকেট মোরগ পোলাও কিনে বাড়িতে নিয়ে যান। পরে পরিবারের সদস্যদের জন্য খাবার পরিবেশন করার সময় একটি প্যাকেটের ভেতরে আস্ত একটি ব্যাঙ দেখতে পান তারা। বিষয়টি দেখে পরিবারের সদস্যরা হতবাক হয়ে পড়েন এবং তাৎক্ষণিকভাবে স্থানীয় প্রশাসনকে অবহিত করেন।
খবর পেয়ে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেন। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।
রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “খাবারের প্যাকেটে ব্যাঙ পাওয়ার অভিযোগ তদন্ত করে সত্যতা পাওয়া গেছে। জনস্বাস্থ্যের বিষয়টি বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।”
তিনি আরও বলেন, “খাদ্য প্রস্তুত ও পরিবেশনের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে চলতে প্রতিষ্ঠানটিকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে, খাবারের প্যাকেটে ব্যাঙ পাওয়ার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। অনেকেই খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর পরিচ্ছন্নতা ও মান নিয়ন্ত্রণে প্রশাসনের আরও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন।
