শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান পদত্যাগ করেছেন। সোমবার (১ জুন) প্রধানমন্ত্রীর কাছে জমা দেওয়া এক আবেদনে তিনি মন্ত্রীর পদ থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগপত্র দাখিল করেন।
পদত্যাগপত্রে দীপেন দেওয়ান উল্লেখ করেন, মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি বিভিন্ন ধরনের শারীরিক জটিলতায় ভুগছেন। অসুস্থতার কারণে মন্ত্রণালয়ের নিয়মিত কার্যক্রম এবং অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে গিয়ে তিনি নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন।
তিনি আরও বলেন, বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ও প্রশাসনিক কার্যক্রমের ধারাবাহিকতা এবং গতিশীলতা বজায় রাখার স্বার্থে তাঁর বর্তমান দায়িত্ব থেকে সরে দাঁড়ানো প্রয়োজন বলে তিনি মনে করেন। এ কারণে তাঁর পদত্যাগপত্র গ্রহণের জন্য প্রধানমন্ত্রীর কাছে বিনীত অনুরোধ জানান তিনি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমান দীপেন দেওয়ানের পদত্যাগপত্র গ্রহণ করেছেন।
তবে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের নতুন মন্ত্রী হিসেবে কাকে দায়িত্ব দেওয়া হবে, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
