Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে তাবাসসুম নামের (১৯ মাস) এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) রাতে এ বিষয়টি নিশ্চিত করেছেন নিহত শিশুর কাকা মো. রুবেল। জানা যায়,মঙ্গলবার সকালে উপজেলার সদর ইউনিয়নের ধান্যদৌল পূর্বপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। মৃত শিশু তাবাসসুম ওই এলাকার ওয়াসীমের মেয়ে। এলাকাবাসী ও পরিবারের লোকজন জানান, ঘটনার দিন সকাল সাড়ে ৮টার দিকে শিশুটির মা তাকে ঘরে রেখে বাড়ির পাশে কাজ করছিলেন। কাজ শেষে সকাল ৯টার দিকে ঘরে এসে তিনি দেখেন তাবাসসুম নেই। পরে অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির উত্তর পাশের পুকুরে শিশুটিকে ভাসতে দেখেন স্বজনরা। দ্রুত উদ্ধার করে স্থানীয় ডাক্তারের কাছে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।