Spread the love

কুমিল্লার চৌদ্দগ্রামে মো. হৃদয় (১৯) নামে এক সিএনজি চালককে ছুরিকাঘাতে হত্যা করার অভিযোগ উঠেছে। বুধবার (১০ জুন) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চিওড়া ইউনিয়নের ধোড়করা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হৃদয় চিওড়া ইউনিয়নের শাকতলা গ্রামের মৃত হেদায়েদ উল্ল্যার ছেলে। রাত ১১টার দিকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসাইন।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার কিছুক্ষণ আগে ধোড়করা বাজারের পূর্ব পাশে মোটরসাইকেল চলাচলকে কেন্দ্র করে কয়েকজন যুবকের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে ঘোষতল গ্রামের রাজিব, প্রান্ত, রিফাত ও ফানসির নেতৃত্বে কয়েকজন যুবক বাজার এলাকায় অবস্থান নেয়। এ সময় হৃদয় তার সিএনজি গ্যারেজে রাখার জন্য ওয়াসিমের গ্যারেজে প্রবেশ করলে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই ফারুক হোসেন বলেন, “আমার ভাই সিএনজি চালিয়ে জীবিকা নির্বাহ করত। সন্ধ্যায় চা খাওয়ার জন্য আমার কাছ থেকে টাকা নিয়ে বের হয়। পরে লোকজনের মাধ্যমে জানতে পারি, তাকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে।”

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আকিব মাহমুদ মাহি জানান, রাত সাড়ে ৯টার দিকে হৃদয়কে হাসপাতালে আনা হয়। তার বুকের ডান পাশে গভীর আঘাতের চিহ্ন ছিল। ধারালো অস্ত্রের আঘাতে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

চৌদ্দগ্রাম মডেল থানার ওসি মোহাম্মদ আরিফ হোসাইন বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে। হত্যার প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা চলছে। অভিযুক্তরা কিশোর গ্যাংয়ের সদস্য কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে।”

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনাটির তদন্ত অব্যাহত রেখেছে।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়