মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) গ্র্যাজুয়েটরা শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনকে শূন্যে ভাসিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। বুধবার (১০ জুন) রাতে অনুষ্ঠিত এমআইএসটি গ্র্যাজুয়েশন নাইট-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত শিক্ষামন্ত্রীকে ঘিরে এমন ব্যতিক্রমী আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
শিক্ষামন্ত্রীর ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, সমাবর্তনের আনন্দে মেতে ওঠা গ্র্যাজুয়েটরা একপর্যায়ে শিক্ষামন্ত্রীকে কয়েকবার শূন্যে ছুড়ে উল্লাস প্রকাশ করেন। এ সময় মন্ত্রীকে হাস্যোজ্জ্বল ও আনন্দিত দেখা যায়। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সাড়া পড়ে এবং অনেকেই মন্তব্যের মাধ্যমে শিক্ষামন্ত্রীর প্রতি ভালোবাসা ও শুভকামনা জানান।
ভিডিওটির মন্তব্যে আতিক ইসলাম নামে একজন লিখেছেন, “অনেক অনেক ভালোবাসা আপনার জন্য।” অপরদিকে সোহাগ নামে আরেকজন মন্তব্য করেন, “জীবনের আনন্দের মুহূর্তের একটি, আপনার জন্য দোয়া ও ভালোবাসা রইলো।”
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, বর্তমান সরকারের শিক্ষা মন্ত্রণালয় কোনো ধরনের আমলাতান্ত্রিক জটিলতাকে প্রশ্রয় দিচ্ছে না। তিনি বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও শিক্ষার উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন।
তিনি আরও বলেন, সবাইকে সঙ্গে নিয়ে একটি বৈষম্যহীন, আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগের মাধ্যমে অর্জিত সুযোগকে কাজে লাগিয়ে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে এমআইএসটির শিক্ষক, শিক্ষার্থী, গ্র্যাজুয়েট এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন। পুরো আয়োজন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
