Spread the love

কুমিল্লার চৌদ্দগ্রামে হামের উপসর্গ নিয়ে আবদুল আহাদ (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। বুধবার (৩ জুন) নিজ গ্রামে তার দাফন সম্পন্ন হয়েছে।

নিহত আহাদ উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের ফেলনা গ্রামের বশির আহাম্মদের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, গত সোমবার সকালে আহাদের বমি ও হালকা জ্বর দেখা দেয়। প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা করানো হলেও অবস্থার অবনতি হলে একই দিন সন্ধ্যায় তাকে চৌদ্দগ্রাম সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তি অবস্থায়ও একাধিকবার বমি হলে রাত প্রায় ২টার দিকে উন্নত চিকিৎসার জন্য তাকে কুমিল্লায় পাঠানো হয়।

পরে অবস্থার আরও অবনতি হলে কুমিল্লা থেকে ঢাকায় নেওয়ার পথে মঙ্গলবার রাত আনুমানিক ৮টার দিকে আহাদের মৃত্যু হয়।

শিশুটির পিতা বশির আহাম্মদ বলেন, “সোমবার সকালে ছেলের বমি ও জ্বর শুরু হয়। হাসপাতালে ভর্তি করার পরও অবস্থার উন্নতি হয়নি। পরে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা ও পরে ঢাকায় নেওয়ার পথে সে মারা যায়।”

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশিদ আহমেদ চৌধুরী তোফায়েল বলেন, “হামের লক্ষণ নিয়ে শিশুটি সোমবার সন্ধ্যায় চৌদ্দগ্রাম সরকারি হাসপাতালে ভর্তি হয়েছিল। রাতে একাধিকবার বমি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় রেফার করা হয়। বুধবার সকালে তার মৃত্যুর খবর জানতে পেরেছি।”

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বাস্থ্য বিভাগ শিশুটির মৃত্যুর কারণ ও সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করছে বলে জানা গেছে।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়