কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়নের ছপুয়া গ্রামে রাতের আঁধারে কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কর্তনের দায়ে এক ব্যক্তিকে ৪ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
জানা যায়,মঙ্গলবার রাতে উপজেলার ছপুয়া গ্রামে আল আমিন পেট্রোল পাম্পের পেছনের জমি থেকে গোপনে মাটি কাটার অভিযোগে প্রশাসনের নজরে আসে বিষয়টি। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। এ সময় অবৈধভাবে মাটি কাটার প্রমাণ পাওয়ায় অভিযুক্ত ব্যক্তিকে চার লাখ টাকা জরিমানা করা হয়।
স্থানীয় প্রশাসন জানায়, অবৈধভাবে মাটি কর্তন পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর এবং এতে ভূমির ভারসাম্য নষ্ট হয়। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও তারা জানিয়েছেন।
এ ঘটনায় এলাকায় সচেতন মহলে স্বস্তি ফিরেছে এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ রোধে কঠোর নজরদারির দাবি জানিয়েছেন স্থানীয়রা।
