কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন বলেছেন,প্রধানমন্ত্রী নিয়মিত সংসদ সদস্যদের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং স্থানীয় সমস্যার খোঁজখবর নিচ্ছেন। মাদক, জুয়া ও সন্ত্রাসের বিরুদ্ধে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে তিনি স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করছেন বলেও জানান। এ সময় তিনি বলেন, মাদক ব্যবসায়ীরা কোনোভাবেই আইনশৃঙ্খলা বাহিনীকে প্রভাবিত এবং টাকা দিয়ে কিনতে পারবে না।
সোমবার (৪ মে) কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি জসিম উদ্দিন বর্তমান সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে বলেন, খাল খনন, কৃষকদের কৃষি কার্ড ও ফ্যামিলি কার্ড প্রদান, ইমাম-মুয়াজ্জিনদের ভাতা প্রদানসহ নানা পদক্ষেপ বাস্তবায়ন করা হচ্ছে।তিনি দাবি করেন, দেশের ইতিহাসে খুব কম সরকারই এভাবে নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে কাজ করেছে।
তিনি আরও বলেন, জাতীয় নির্বাচনের পর বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগের ধারাবাহিকতায় জাতীয় সংসদ এখন প্রাণবন্ত হয়ে উঠেছে। তিনি বলেন, সংসদে বিরোধী দলসহ সকল সদস্য নিজ নিজ এলাকার সমস্যা ও উন্নয়ন চাহিদা তুলে ধরতে পারছেন এবং সেগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে কাজ করেছেন।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান। উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান, ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক হোসেন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা, মুক্তিযোদ্ধা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় সাংবাদিকরা।
