কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যার ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এবার বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির এক কর্মকর্তাকে স্ত্রীসহ অস্ত্রের মুখে জিম্মি করে লুটপাট করেছে দুর্বৃত্তরা।
ভুক্তভোগী মো. আব্দুল্লাহ আল মামুন বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির নিরাপত্তা শাখার সহকারী ব্যবস্থাপক। এ ঘটনায় তিনি কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩০ এপ্রিল স্ত্রীকে নিয়ে সিলেটে বেড়াতে যান মামুন। শনিবার (৩ মে) রাত সাড়ে ৩টার দিকে ট্রেনযোগে কুমিল্লা রেলস্টেশনে পৌঁছান তারা। পরে সিএনজি অটোরিকশায় করে বাখরাবাদ এলাকায় ভাড়া বাসার উদ্দেশ্যে রওনা দেন।
পথিমধ্যে বালুতুপা কালভার্টের আগে পৌঁছালে একটি পিকআপ ভ্যান দিয়ে তাদের সিএনজির গতিরোধ করে চারজন দুর্বৃত্ত। এ সময় তারা ধারালো অস্ত্র দেখিয়ে হত্যার হুমকি দিয়ে নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোনসহ মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেয়। এতে প্রায় ৪ লাখ ১১ হাজার টাকার মালামাল লুট হয়েছে বলে জানান ভুক্তভোগী।
এ বিষয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) সাইফুর রহমান বলেন, “ঘটনার একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।”
উল্লেখ্য, এর আগে গত ২৫ এপ্রিল রাতে কুমিল্লা শহরতলির কোটবাড়ি এলাকায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীকে হত্যা করে দুর্বৃত্তরা। ওই ঘটনার মাত্র ৮ দিনের মাথায় আবারও ছিনতাইয়ের এ ঘটনায় জনমনে উদ্বেগ বাড়ছে।
