Spread the love

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সেনানিবাস সংলগ্ন নিশ্চিন্তপুর এলাকায় জরুরি ভিত্তিতে একটি ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ জনগণ। ব্যস্ত এই মহাসড়কের মাত্র একশ গজের মধ্যে ৫টি স্কুল ও কলেজ এবং ৭টি কওমি মাদ্রাসা থাকায় প্রতিদিন ঝুঁকি নিয়ে সড়ক পারাপার করতে হচ্ছে হাজারো মানুষকে।

স্থানীয়দের অভিযোগ, মহাসড়কটির কয়েকটি অংশে কোনো ফুটওভার ব্রিজ না থাকায় শিক্ষার্থীরা প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা নিয়ে রাস্তা পার হচ্ছে। বিশেষ করে সকাল ও ছুটির সময় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। দ্রুতগতির যানবাহনের কারণে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

একাধিক অভিভাবক জানান, “আমাদের সন্তানদের প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পার হতে হয়। এখানে দ্রুত একটি ফুটওভার ব্রিজ নির্মাণ না হলে যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।”

শিক্ষার্থীরাও একই দাবি জানিয়ে বলেছে, নিরাপদে যাতায়াতের জন্য ফুটওভার ব্রিজ এখন সময়ের দাবি। স্থানীয় সচেতন মহলও বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী, যাতে ভবিষ্যতে কোনো প্রাণহানির ঘটনা এড়ানো সম্ভব হয়।