Spread the love

কুমিল্লার আদর্শ সদর উপজেলার আড়াইওড়া এলাকায় একটি অটোরিকশা গ্যারেজে ঢুকে মালিককে অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ৮০টি ব্যাটারি লুট করে নিয়ে গেছে একদল সশস্ত্র দুর্বৃত্ত। এ সময় তারা গ্যারেজের সিসিটিভি ক্যামেরার যন্ত্রপাতিও খুলে নিয়ে যায়।

মঙ্গলবার (৯ জুন) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

গ্যারেজ মালিক মবিন মিয়া জানান, রাত সাড়ে ৩টার দিকে ১৫ থেকে ২০ জনের একটি সংঘবদ্ধ সশস্ত্র দল গ্যারেজের টিনের বেড়া টপকে ভেতরে প্রবেশ করে। গ্যারেজে ঢুকেই তারা তার হাত-পা বেঁধে ফেলে এবং মুখে পিস্তল ঠেকিয়ে চিৎকার না করার জন্য প্রাণনাশের হুমকি দেয়।

তিনি বলেন, এরপর দুর্বৃত্তরা গ্যারেজে চার্জে থাকা ১৬টি অটোরিকশা থেকে অন্তত ৮০টি ব্যাটারি খুলে নিয়ে যায়। পাশাপাশি ঘটনার কোনো আলামত না রাখার উদ্দেশ্যে সিসিটিভি ক্যামেরার ডিভিআরসহ সংশ্লিষ্ট যন্ত্রপাতিও খুলে নিয়ে যায়।

মবিন মিয়া আরও জানান, ডাকাত দল চলে যাওয়ার পর তিনি চিৎকার করলে স্থানীয় বাসিন্দারা এসে তাকে উদ্ধার করেন। পরে সকালে কোতোয়ালি মডেল থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং লুট হওয়া মালামাল উদ্ধারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়