কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১২০ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ ২০ হাজার টাকা।
রবিবার (৩ মে ২০২৬) সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজিবি সূত্রে জানা যায়,বিজিবি’র মহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম, এএসসি-এর দিকনির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের অংশ হিসেবে ব্রাহ্মণপাড়া উপজেলার সালদানদী বিওপির টহল দল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এসব গাঁজা উদ্ধার করে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দকৃত মাদকদ্রব্য ব্যাটালিয়ন সদর দপ্তরের মাদক স্টোরে জমা রাখা হয়েছে এবং পরবর্তীতে তা ধ্বংস করা হবে বলে জানায় বিজিবি।
বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক প্রতিরোধে তাদের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।
