কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট, একটি গাঁজার গাছ উদ্ধার এবং বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্তসহ মোট ৪ জনকে গ্রেপ্তার করেছে।
শনিবার (২ মে ২০২৬) দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে এসব গ্রেপ্তার ও উদ্ধার কার্যক্রম সম্পন্ন করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের অংশ হিসেবে এএসআই সাইফুল ইসলাম ও এএসআই ইমরান জিরুইন গ্রামের মৃত জনাব আলীর ছেলে মো. আলাউদ্দিন (৪০)-কে গ্রেপ্তার করেন। তার বিরুদ্ধে দুটি ওয়ারেন্ট রয়েছে।
অন্যদিকে, এসআই আল-আমিন জিআর সাজাপ্রাপ্ত আসামি মিশুক (৩২)-কে গ্রেপ্তার করেন। তিনি মানরা শশীদল এলাকার সেলিম রহমানের ছেলে।
এছাড়া এসআই ফারুকুল ইসলাম ষাইটশালা গ্রামের মো. শাহজাহানের ছেলে আবুল কাসেম (২৫)-কে একটি গাঁজার গাছসহ আটক করেন।
মাধবপুর ইউনিয়নে মাদক ব্যবসায়ী ইসমাইলকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গ্রেপ্তার করে এক বছরের কারাদণ্ড প্রদান করা হয়। তার বিরুদ্ধেও একটি জিআর ওয়ারেন্ট রয়েছে।
সবশেষে, শনিবার সকাল ৭টা ১৫ মিনিটে শশীদল দক্ষিণপাড়া বাতান বাড়ি এলাকায় অভিযান চালিয়ে মো. শাহিন আলম (৩২)-কে ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। তিনি মো. আব্দুর রাজ্জাকের ছেলে।
পুলিশ জানায়, উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি গাঁজার গাছ। এছাড়া ১টি সাজা ওয়ারেন্ট ও ৩টি জিআর ওয়ারেন্ট বাস্তবায়ন করা হয়েছে।ব্রাহ্মণপাড়া থানা পুলিশ জানায়, এলাকায় মাদক ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
