কুমিল্লার আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমকে আটক করেছে পুলিশ। বর্তমানে তাকে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
রবিবার (৩ মে) দুপুর ১২টার দিকে নগরীর শাসনগাছা এলাকায় নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাইফুল মালিক।
তবে ঠিক কী কারণে তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে এখনো কোনো বিস্তারিত তথ্য জানায়নি পুলিশ।
এদিকে বিএনপি নেতা রেজাউল কাইয়ুমকে আটকের প্রতিবাদে তার অনুসারীরা কোতোয়ালি মডেল থানা ঘেরাও করে রাখেন। এতে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, “আটক বিএনপি নেতা রেজাউল কাইয়ুমকে জিজ্ঞাসাবাদ চলছে। পরে বিস্তারিত জানানো হবে।”
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে।
