Spread the love

চট্টগ্রামের ঐতিহ্যবাহী আবদুল জব্বার স্মৃতি বলীখেলায় টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছেন মো. শরীফ, যিনি ‘বাঘা’ শরীফ নামে বেশি পরিচিত। শনিবার (১২ বৈশাখ) বিকেলে নগরের ঐতিহাসিক লালদীঘি মাঠে অনুষ্ঠিত ফাইনালে তিনি চিরপ্রতিদ্বন্দ্বী মো. রাশেদ (রাশেদ বলী) কে পরাজিত করেন।

রুদ্ধশ্বাস এই ফাইনাল লড়াইয়ে শুরু থেকেই দুই প্রতিযোগীর মধ্যে ছিল সমানতালে টানটান উত্তেজনা। প্রায় ২৫ মিনিটের লড়াই শেষে কৌশল ও ধৈর্যের লড়াইয়ে এগিয়ে থেকে শেষ মুহূর্তে রাশেদকে মাটিতে ফেলেন শরীফ। রেফারির চূড়ান্ত বাঁশির সঙ্গে সঙ্গেই ‘বাঘা’ শরীফের নাম ঘোষণা করা হলে উল্লাসে ফেটে পড়ে পুরো লালদীঘি মাঠ।

এর আগে দুপুর গড়াতেই খেলা দেখতে লালদীঘি মাঠ ও আশপাশের এলাকায় মানুষের ঢল নামে। বৈশাখের তীব্র গরম উপেক্ষা করে হাজারো দর্শক মাঠে ভিড় করেন। কেউ গামছা মাথায়, কেউ ছাতা হাতে, আবার কেউ গাছের ছায়ায় দাঁড়িয়ে উপভোগ করেন ঐতিহ্যবাহী এই আয়োজন। সময় যত গড়িয়েছে, ততই ভিড় ছড়িয়ে পড়ে কয়েক কিলোমিটারজুড়ে।

বিকেল তিনটার দিকে বাঁশির মাধ্যমে খেলা শুরু হয়। ঢোলের তালে তালে একে একে বলীরা রিংয়ে উঠলে গর্জে ওঠে দর্শকরা। এবারের প্রতিযোগিতায় মোট ১০৮ জন বলী অংশ নেন।

প্রথম পর্ব শেষে কোয়ার্টার ফাইনালে ওঠেন আটজন। সেখান থেকে চারজন জায়গা করে নেন সেমিফাইনালে। প্রথম সেমিফাইনালে মিঠু বলীকে মাত্র দেড় মিনিটে হারিয়ে ফাইনালে ওঠেন রাশেদ বলী। অন্য সেমিফাইনালে সাবেক চ্যাম্পিয়ন শাহজালাল বলীকে পরাজিত করে ফাইনালে জায়গা নিশ্চিত করেন বাঘা শরীফ। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ১৭ মিনিটের হাড্ডাহাড্ডি লড়াই শেষে জয় পান মিঠু বলী।

খেলার উদ্বোধন করেন চট্টগ্রাম নগর পুলিশের কমিশনার হাসান মো. শওকত আলী।

শত বছরের ঐতিহ্য:-
১৯০৯ সালে বদরপাতির ব্যবসায়ী আবদুল জব্বার সওদাগরের উদ্যোগে এই বলীখেলার সূচনা হয়। ব্রিটিশবিরোধী আন্দোলনের সময় তরুণদের শক্তি ও সাহস জাগিয়ে তুলতে শুরু হওয়া এই আয়োজন এখন চট্টগ্রামের অন্যতম বড় সাংস্কৃতিক উৎসবে পরিণত হয়েছে।

প্রতিবছর ১২ বৈশাখ লালদীঘি মাঠে বসে এই বলীখেলা, যা ঘিরে কয়েক কিলোমিটারজুড়ে বৈশাখী মেলার আয়োজন হয়। কেনাবেচা, আড্ডা ও মানুষের প্রাণচাঞ্চল্যে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

শতবর্ষ পেরিয়েও আবদুল জব্বার স্মৃতি বলীখেলা চট্টগ্রামের মানুষের আবেগ ও ঐতিহ্যের প্রতীক হয়ে আছে। আর সেই ঐতিহ্যের মঞ্চে আবারও নিজের আধিপত্যের স্বাক্ষর রাখলেন ‘বাঘা’ শরীফ।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়