ক্যারিয়ারের ৬১তম হ্যাটট্রিক করলেও বিশ্বকাপের মঞ্চে এতদিন একটি হ্যাটট্রিকও ছিল না লিওনেল মেসির। অবশেষে সেই আক্ষেপ ঘুচল। নিজের ষষ্ঠ বিশ্বকাপে এসে প্রথমবারের মতো হ্যাটট্রিক করে আর্জেন্টিনাকে ৩-০ গোলের জয়ে উড়িয়েছেন আলজেরিয়ার বিপক্ষে।
কানসাস সিটিতে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই ছিল নাটকীয়তা। ষষ্ঠ মিনিটে মেসি এবং অষ্টম মিনিটে আলজেরিয়ার ফারেস চাইবি গোল করলেও দুটি গোলই অফসাইডের কারণে বাতিল হয়।
তবে ১৭ মিনিটে দুর্দান্ত দূরপাল্লার শটে আর্জেন্টিনাকে এগিয়ে দেন মেসি। প্রথমার্ধে আর কোনো গোল না হলে ১-০ ব্যবধানে বিরতিতে যায় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
বিরতির পর ৬০ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন মেসি। অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের জোরালো শট গোলরক্ষক লুকা জিদান ঠিকভাবে নিয়ন্ত্রণ করতে না পারলে ফিরতি বলে সহজেই জালে বল জড়ান আর্জেন্টাইন অধিনায়ক।
৭৬ মিনিটে ডি-বক্সের কাছ থেকে নেওয়া আরেকটি দৃষ্টিনন্দন শটে হ্যাটট্রিক পূর্ণ করেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা। এরপর ৮০ মিনিটে মাঠ ছাড়েন তিনি।
এই হ্যাটট্রিকের মাধ্যমে বিশ্বকাপে নিজের গোলসংখ্যা ১৬-তে উন্নীত করেছেন মেসি। ফলে সর্বকালের বিশ্বকাপ সর্বোচ্চ গোলদাতার তালিকায় জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার সঙ্গে যৌথভাবে শীর্ষে উঠে এসেছেন তিনি।
এছাড়া ম্যাচটিতে মাঠে নেমেই আরেকটি মাইলফলক স্পর্শ করেন মেসি। আন্তর্জাতিক ফুটবলে ২০০ ম্যাচ খেলার কীর্তি গড়া ইতিহাসের তৃতীয় ফুটবলার হন তিনি। এর আগে এই রেকর্ড গড়েছিলেন পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো এবং কুয়েতের বাদার আল-মুতাওয়া।
একই সঙ্গে বিশ্বকাপ ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে ছয়টি বিশ্বকাপে খেলার অনন্য রেকর্ডও গড়েছেন আর্জেন্টিনার অধিনায়ক।
মেসির দুর্দান্ত হ্যাটট্রিকের দিনে জয় দিয়ে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করল তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
