কুমিল্লার দেবিদ্বারের ১৫২ জন শিক্ষার্থী ও ৮ জন শিক্ষক জাতীয় সংসদ ভবন পরিদর্শন এবং সংসদ অধিবেশন সরাসরি দেখার সুযোগ পেয়েছেন। সোমবার (৮ জুন) কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর আমন্ত্রণে তারা এ বিশেষ শিক্ষা সফরে অংশ নেন।
জানা যায়, দেবিদ্বারের বিভিন্ন স্কুল ও মাদ্রাসা থেকে পঞ্চম ও অষ্টম শ্রেণিতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্য থেকে ১৫২ জনকে নির্বাচন করা হয়। সফর শেষে সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ শিক্ষার্থী ও শিক্ষকদের হাতে উপহার তুলে দেন।
এ বিষয়ে নবিয়াবাদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক গোলাম কিবরিয়া ভূঁইয়া বলেন, “দেবিদ্বারের ইতিহাসে এই প্রথম শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবন ও সংসদ অধিবেশন পরিদর্শনের সুযোগ পেল। এই এলাকার সন্তান ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ তাদের জন্য এমন আয়োজন করেছেন। এতে শুধু শিক্ষার্থীরাই নয়, পুরো দেবিদ্বারবাসী গর্বিত। এ অভিজ্ঞতা তাদের বড় স্বপ্ন দেখতে অনুপ্রাণিত করবে।”
শিক্ষার্থীদের উদ্দেশে সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেন, “একদিন তোমাদেরই এখানে আসতে হবে। তোমাদেরই নেতৃত্ব দিতে হবে। সেই স্বপ্ন দেখার অনুপ্রেরণা দেওয়ার জন্যই তোমাদের সংসদ ভবনে নিয়ে আসা হয়েছে। আজ যাদের বক্তব্য শুনেছো, একদিন তোমরাই তাদের জায়গায় দাঁড়াবে।”
তিনি আরও বলেন, “এখানে কে গরিবের সন্তান আর কে ধনীর সন্তান, সেটি বিবেচনা করা হয়নি। দেবিদ্বারের বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কলেজের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদেরই এই সুযোগ দেওয়া হয়েছে। তাদের বড় স্বপ্ন দেখতে শেখানোই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।”
শিক্ষার্থী ও শিক্ষকরা সংসদ ভবন পরিদর্শন এবং অধিবেশন প্রত্যক্ষ করার সুযোগ পেয়ে আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেন। তাদের মতে, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে দেশ, গণতন্ত্র ও নেতৃত্ব সম্পর্কে আগ্রহ বৃদ্ধি করবে।
