মধ্যপ্রাচ্যের দেশ লেবাননে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত সাতক্ষীরার দুই প্রবাসী বাংলাদেশির মরদেহ অবশেষে নিজ জন্মভূমিতে পৌঁছেছে। রোববার (৭ জুন) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিশেষ অ্যাম্বুলেন্সে করে মরদেহ দুটি সাতক্ষীরার নিজ নিজ বাড়িতে আনা হয়।
মরদেহ পৌঁছানোর পর নিহতদের স্বজনদের আহাজারি ও কান্নায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। শেষবারের মতো প্রিয়জনদের দেখতে শত শত মানুষ তাদের বাড়িতে ভিড় জমান।
নিহতরা হলেন সাতক্ষীরা সদর উপজেলার ভালুকা চাঁদপুর গ্রামের আফসার আলী সরদারের ছেলে শফিকুল ইসলাম (৩৯) এবং আশাশুনি উপজেলার কাটাকাটি গ্রামের আব্দুল কাদেরের ছেলে নাহিদুল ইসলাম নাহিদ (২১)।
পরিবারের সদস্যরা জানান, অভাব-অনটনের সংসারে স্বচ্ছলতা ফেরানোর আশায় তারা আইনগত প্রক্রিয়ায় কয়েক মাস আগে লেবাননে যান। সেখানে নির্মাণ ও পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করছিলেন তারা।
স্বজনদের ভাষ্য অনুযায়ী, গত ১১ মে লেবাননের দক্ষিণাঞ্চলের নাবাতিয়েহ এলাকার জেবদিন গ্রামে তাদের শ্রমিক আবাসস্থলে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে। এতে শফিকুল ইসলাম ও নাহিদুল ইসলাম নিহত হন। হামলায় আরও কয়েকজন বাংলাদেশি কর্মী আহত হয়েছেন বলেও জানা গেছে।
নিহতদের পরিবার জানায়, বিদেশে যাওয়ার জন্য তারা এনজিও ও আত্মীয়-স্বজনের কাছ থেকে ঋণ নিয়েছিলেন। কিন্তু বিদেশে যাওয়ার অল্প সময়ের মধ্যেই তাদের মৃত্যুর খবরে পরিবারগুলো গভীর সংকটে পড়েছে। উপার্জনক্ষম সদস্যদের হারিয়ে বৃদ্ধ বাবা-মা ও স্বজনরা এখন ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে মরদেহ গ্রহণ, দাফন ও সংশ্লিষ্ট আনুষ্ঠানিক কার্যক্রমে সহযোগিতা করা হচ্ছে।
এদিকে দুই প্রবাসীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষ নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
