Spread the love

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে এরই মধ্যে ১৫ হাজারেরও বেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ২ হাজার ৮৭০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১২ হাজার ৪২৩ জন। ধর্ম মন্ত্রণালয়ের প্রকাশিত সর্বশেষ হজ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

সৌদি আরবের মদিনা আল-মুনাওয়ারায় অবস্থানরত বাংলাদেশি হজযাত্রীরা ইবাদত-বন্দেগিতে ব্যস্ত সময় পার করছেন। তারা পবিত্র মসজিদে নববিতে ৪০ ওয়াক্ত নামাজ আদায়ের লক্ষ্য নিয়ে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর রওজা মোবারকে সালাম পেশ করছেন। পাশাপাশি ‘জান্নাতের টুকরা’খ্যাত রিয়াজুল জান্নাতে নামাজ আদায় এবং বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন জিয়ারত করছেন।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী হজ পালনে অংশ নেবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন রয়েছেন।

হজযাত্রীদের হয়রানি ও ভোগান্তি কমাতে হ্যান্ড লাগেজে প্রয়োজনীয় ব্যবহার্য জিনিসপত্র বহনের পরামর্শ দিয়েছে সরকার। এ বিষয়ে ধর্ম মন্ত্রণালয় লিড ও সমন্বয়কারী এজেন্সিগুলোর কাছে চিঠি পাঠিয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়, অনেক সময় বুকিং করা লাগেজ পেতে বিলম্ব বা হারিয়ে যাওয়ার ঘটনা ঘটে। ফলে ইহরামের কাপড়, পাঞ্জাবি, লুঙ্গি/পায়জামা, মহিলাদের পোশাক ও প্রয়োজনীয় ওষুধ সঙ্গে না থাকায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। তাই সর্বোচ্চ ৭ কেজি ওজনের হ্যান্ড লাগেজে এসব প্রয়োজনীয় সামগ্রী রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে রাজধানীর আশকোনা হজক্যাম্পে প্রথমবারের মতো লাগেজ র‍্যাপিং সেবা চালু করা হয়েছে। হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন জানান, এ সেবার মাধ্যমে যাত্রীরা পেশাদারভাবে লাগেজ র‍্যাপিং করতে পারবেন, যা ভ্রমণের সময় ক্ষতির ঝুঁকি কমাবে।

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ বলেন, সর্বোচ্চ সেবার মাধ্যমে হজযাত্রা নির্বিঘ্ন করা সরকারের অগ্রাধিকার। তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় হজযাত্রীদের সেবার মান উন্নয়নে নানা উদ্যোগ নেওয়া হয়েছে।সরকারের এসব উদ্যোগকে স্বাগত জানিয়েছেন হজযাত্রীরা।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়